ফজরের আজানের পর থেকে নিয়ে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত সময়টিতে কেবল ফজরের দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত ফরজ নামাজই পড়া যায়। এই সময়ে তাহিয়্যাতুল অজু বা দুখুলুল মসজিদের মতো যেকোনো সাধারণ নফল নামাজ পড়া নিষেধ। তবে যদি কোনো ব্যক্তির পূর্বের কোনো ফরজ নামাজ কাজা হয়ে থাকে কিংবা আগের রাতের বিতর নামাজ কাজা হয়ে থাকে, তবে ফজরের ফরজের আগে বা পরে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত সময়ে সেই কাজা নামাজ আদায় করা জায়েজ আছে।
আসরের ফরজ নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়ে যেকোনো নফল নামাজ পড়া নিষেধ। তাই আসরের ফরজের পর এই নামাজ পড়া যাবে না। আবার মাগরিবের আজানের পর থেকে ফরজের ইকামতের আগ পর্যন্ত সময়টি খুবই সংক্ষিপ্ত হওয়ায় হানাফি মাযহাব অনুযায়ী এই সময়েও কোনো নফল বা দুখুলুল মসজিদ নামাজ পড়া অনুচিত। অতএব, আসরের ফরজের পরে এবং মাগরিবের ইকামতের আগে—উভয় সময়েই দুখুলুল মসজিদ নামাজ আদায় করা যাবে না।